সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে পুলিশের অভিযান, আটক ৭

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী-এর বাসভবনে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট, চশমা হিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে আটক ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি।

অভিযানের পর পুলিশ নওফেলের বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করেছে। 

মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী-এর বড় ছেলে।

পুলিশ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ‘লকডাউন’ নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এর কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন—এমন একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে অভিযান চালানো হয়।

পুলিশ আরও জানায়, ২ নম্বর গেট এলাকায় মহিবুল হাসানের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। 

এটি গত বছরের ৫ আগস্টের পর বন্ধ হয়ে গেছে, তবে অনলাইনে তারা খাবার বিক্রি করে থাকেন। আটক সাতজন ওই রেস্তোরাঁয় কাজ করতেন বলে দাবি করা হচ্ছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের বলেন, “আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে, ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে কিছু লোক জড়ো হচ্ছে। তথ্য ছিল, যারা জড়ো হচ্ছেন, তাদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা এমন কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।”