কাফনের কাপড় পরে কসবা-আখাউড়ায় গণমিছিল

কবীর আহমেদ ভূঁইয়ার বিকল্প কাউকে মেনে নেব না

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কসবা উপজেলা জুড়ে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘গুম ফেরত নেতা’ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে আজ বুধবার এই কর্মসূচি পালন করা হয়।

কসবা উপজেলার দশটি ইউনিয়ন ও কসবা পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, জাসাসসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই গণমিছিলে অংশগ্রহণকারীরা কাফনের কাপড় পরে রাজপথে নেমে আসেন। মিছিলটি ছিল কসবার ইতিহাসে নজিরবিহীন—এতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলাবারের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌরসভা বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এবং উপজেলার দশটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলীয় মনোনয়নের সম্ভাব্য তালিকায় ৯৩ বছর বয়সী, দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত মোহাম্মদ মুশফিকুর রহমানের নাম অন্তর্ভুক্ত করে তৃণমূলের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে।

তারা অভিযোগ করেন, মুশফিকুর রহমান গত ১৭ বছর ধরে এলাকায় আসেননি, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেননি এবং একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার পিএস মোহাম্মদ আরিফ ২৫০ কোটি টাকার দুর্নীতির মামলায় বর্তমানে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে এমপি থাকা অবস্থায় ‘১০ শতাংশ কমিশন বাণিজ্য’-এর অভিযোগও রয়েছে।

অন্যদিকে বক্তারা কবীর আহমেদ ভূঁইয়ার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও জনসম্পৃক্ততার কথা তুলে ধরেন। তারা বলেন, বিএনপির দুঃসময়ে কবীর আহমেদ ভূঁইয়া নেতাকর্মীদের পাশে থেকে মানবতার সেবা করেছেন। মামলা-হামলা, নির্যাতনের সময় তিনি জেলে থাকা কর্মীদের পরিবারকে অর্থনৈতিক ও মানসিকভাবে সহায়তা করেছেন। তার প্রতিষ্ঠিত ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও কভিড-১৯ এর সময় তিনি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। প্রতিবছর হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করে থাকেন। কৃষি, মৎস্য ও স্থানীয় উৎপাদন বৃদ্ধি, যুব উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে তিনি অনন্য ভূমিকা রেখেছেন।

তিনি কসবার তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেন, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। পাশাপাশি তিনি বিদেশগামী শ্রমিকদের সহায়তায় কাজ করেছেন এবং বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।

মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল নেতাকর্মীরা এক কণ্ঠে ঘোষণা দেন- কবীর আহমেদ ভূঁইয়ার বিকল্প কাউকে আমরা মেনে নেব না। ত্যাগী ও জনগণনির্ভর এই নেতার হাতেই কসবা-আখাউড়া আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।

কসবা-আখাউড়ার নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি মনোনয়ন পুনর্বিবেচনা করা না হয় তাহলে তারা কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।