নাশকতার অভিযোগে মহিলা লীগের নেত্রীসহ ৮জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক ডাউন কর্মসূচীতে অংশগ্রহণের প্রস্তুতির অভিযোগে মহিলা লীগের নেত্রীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলা ঝাউগড়া ও গাজীপুরা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি বীনা আক্তার (৫৬), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম (২০), আপন মিয়া (১৯), অনিক রহমান (১৯), নিলয় হোসেন (১৯), ইয়ামিন ইসলাম (২০), সালমান রহমান (১৯), কৃষি ইনস্টিটিউটের ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন (১৯)। বুধবার বিকালে নাশকতার মামলা দেখিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বিকালে গ্রেপ্তারকৃতদের নাশকতার মামলা দেখিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।