লক্ষ্মীপুরে মানববন্ধন

সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদ

লক্ষ্মীপুরে ইন্ডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে আন্দোলনে নেমেছে সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

গতকাল বুধবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে লক্ষ্মীপুর প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

কর্মসূচিতে জেলা রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাব, সাংবাদিক নির্যাতন সেল, লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশন অব ব্লাড ডোনেটিং অর্গানাইজেশনসহ বিভিন্ন সংগঠনের নেতা অংশ নেন।

লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাংবাদিক কামাল উদ্দিন হাওলাদার, কামাল উদ্দিন, আবদুল মালেক, এম জে আলম, সাইদুল ইসলাম পাবেল, মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, হোসাইন আহমদ শাহজাহান, নিজাম উদ্দিন, হাবিবুর রহমান সবুজ, মাসুদুর রহমান খাঁন ভুট্টু, রফিকুল ইসলাম নাজিম উদ্দিন রানা, আলী হোসেন, আলাউদ্দিন, বেলাল উদ্দিন সাগর প্রমুখ।

বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের চিহ্নিত করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন বলেন, হুমকিদাতাকে চিহ্নিত করার কাজ চলছে।

গত ১০ নভেম্বর সন্ধ্যায় সাংবাদিক আব্বাছ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নম্বর থেকে তাকে ও পরিবারের লোকজনকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ওইদিন রাতে আব্বাছ হোসেন বাদী হয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।