অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল আজ বৃহস্পতিবার দেশটিতে পৌঁছাবে। আফ্রিকার দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি ও তার দল। এমন খবরই জানিয়েছে দক্ষিণ আফ্রিকান গণমাধ্যম।
প্রায় ৫০০ বছরের উপনিবেশিক শাসনের পর অ্যাঙ্গোলা ১৯৭৫ সালের ১১ নভেম্বর পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। গতকাল বুধবার থেকে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটিতে নানা ধরনের উৎসব শুরু হয়েছে। মূল অনুষ্ঠানে রাজধানী লুয়ান্ডার রিপাবলিক স্কয়ারে সৈন্যরা জাতীয় পতাকা উত্তোলন করেন, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জোয়াও লোরেনসো।
এই উদযাপনের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার আর্জেন্টিনা ও অ্যাঙ্গোলার মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজিত হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার স্বাধীনতা দিবসের নামানুসারে নির্মিত ‘১১ নভেম্বর স্টেডিয়াম’-এ। জানা গেছে, বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে খেলতে রাজি করাতে প্রায় ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ব্যয় করছে অ্যাঙ্গোলা কর্তৃপক্ষ।
১৯৭৫ সালে স্বাধীনতা লাভের পরপরই অ্যাঙ্গোলা গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, যা ২০০২ সাল পর্যন্ত চলে এবং প্রায় ৫ থেকে ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। তেলসমৃদ্ধ দেশটি স্বাধীনতার পর থেকে পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব অ্যাঙ্গোলা (এমপিএলএ) দলের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। এবার বিশ্বচ্যাম্পিয়ন মেসিদের আগমন এক উৎসবের আমেজ এনে দিচ্ছে পুরো দেশজুড়ে।