অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৮ উইকেটে ৫৮৭ রান তোলার পর ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। এতে লিড দাঁড়াল ৩০১ রানের। টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তম লিড। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সর্বোচ্চ ৩৯৭ রানের লিড পেয়েছিল।
বাংলাদেশের প্রথম ইনিংসে দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি আছে, যার মধ্যে অন্তত দুটি সেঞ্চুরি হতে পারত। ২৮৬ বলে ১৪ চার এবং ৪ ছক্কায় ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বাদ পড়ার পর দলে ফেরা মাহমুদুল হাসান জয়, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আজ সকালে আউট হয়ে তিনি আর ডাবল সেঞ্চুরি করতে পারেননি। আরেক ওপেনার সাদমান ইসলাম করেন ১০৪ বলে ৮০ রান।
তিনে নামা মুমিনুল হকের ভাগ্যও খারাপ। মাহমুদুলের সাথে দারুণ জুটি গড়ার পর ১৩২ বলে ৮২ রান করে আজ তৃতীয় দিন সকালে আউট হয়ে যান। চারে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাঁকান সেঞ্চুরি। নেতৃত্ব ফিরে পেয়ে প্রথম ম্যাচেই খেলেন ১১৪ বলে ১০০ রানের ইনিংস। চলতি বছর এটা শান্তর তৃতীয় টেস্ট সেঞ্চুরি, আর ক্যারিয়ারের অষ্টম। লিটন দাসও ৬৬ বলে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।