বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ মনসুর বাহিনীর ৫ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে । 

এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের একটি বিশেষ দল বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় মনসুর বাহিনীর সক্রিয় সদস্যরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণের কাছে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল বলে জানা যায়। স্থানীয় জনগণ বিষয়টি কোস্ট গার্ডকে জানালে সংস্থাটি এলাকাটিতে নজরদারই জোরদার করে।
অভিযান চলাকালীন একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের আভিযানিক দলের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ও গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আত্ম রক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) ও মো. সোহেল (২১)। সবাই বাঁশখালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। দেশের উপকূলীয় এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট। জব্দ করা অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।