চট্টগ্রামে এক ব্যবসায়ীর ৫৫ লাখ টাকার সেই গাড়িটি উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। তবে সেই গাড়ি চালককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।
এর আগে গত বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা থেকে ৩৬ লাখ টাকাসহ ৫৫ লাখ টাকা দামের সাদা রঙের করোলা ক্রস মডেলের গাড়িটি নিয়ে উধাও হয়ে যান চালক নুরুন নবী। গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদ বলেন, গাড়ি উদ্ধার হয়েছে। সেই গাড়ি চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযুক্ত চালক মো. নুরুন নবী কুমিল্লা জেলার নাঙ্গলকোট ৩ নম্বর ওয়ার্ড এলাকার কবীর আহমদের ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. এরশাদ বিদেশ থেকে গাড়ির যন্ত্রাংশ আমদানি করেন। বুধবার সকাল ১০টায় ব্যবসায়িক লেনদেনের গাড়ি চালক (চট্টমেট্রো-ঘ-১১-৬২৬০) মো. নুরুন নবীকে নিয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার একটি ব্যাংকে যান। ওই ব্যাংক থেকে নগদ ৩৬ লাখ টাকা উত্তেলন করেন। এরপর তিনি আরও কিছু টাকা উত্তোলনের জন্য যান একই এলাকার এনআরবিসি ব্যাংকে। গাড়িতে টাকা রেখে তিনি ঢুকেন ব্যাংকে।
এ সময় গাড়িতে বসা ছিলেন চালক মো. নুরুন নবী। এনআরবিসি ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংক ভবনের নিচে এসে দেখেন গাড়িসহ টাকা নিয়ে উধাও চালক নুরুন নবী। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন তিনি।