চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির দলীয় ঘোষিত সরওয়ার জামাল নিজামের প্রাথমিক মনোনয়ন পরিবর্তের দাবিতে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন আনোয়ারা-কর্ণফুলী উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আন্দোলন সংগ্রামে জেল-জুলুম শিকার হওয়া তৃণমূলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে এই মশাল মিছিল শুরু হয়। এ সময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টানেল সংযোগ মোড়ে এসে বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভে সরওয়ার জামাল নিজামের ছবি সম্মিলিত পুত্তলিকা দাহ করা হয়। মিছিলে চট্টগ্রাম-১৩ আসনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ও স্বৈরাচার আওয়ামী লীগের জেল-জুলুমের শিকার হওয়া নেতাকর্মীদের পাশে ছিলেন না সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। সুসময়ে এসে তাকে মনোনয়ন দেওয়ায় হতবাক ও ক্ষুদ্ধ হন সংসদীয় আনোয়ারা কর্ণফুলীর তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণ। এতে তার মনোনয়ন বাতিল করে দুঃসময়ে দলের হাল ধরা ও তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকা ত্যাগী দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দলীয় হাইকমান্ডের কাছে দাবি জানান তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণ।