ঝিকরগাছা

চাঁদা না পেয়ে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকি

চাঁদা না দেওয়ায় নাভারণ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বার্তাকণ্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক মামুনুর রশিদের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে। চাঁদা না পেয়ে রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মাদকব্যবসায়ী শাহাদৎ হোসেনের নেতৃত্বে বৃহস্প্রতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারে মেসার্স মামুন ট্রেডার্সে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় শাহাদৎ হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ঝিকরগাছা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মামুন ট্রের্ডাসের ম্যানেজার মো. নুর আলম।

অভিযুক্তরা হলেন উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মৃত সলেমানের চার ছেলে শাহাদৎ হোসেন (২৫), আলমগীর হোসেন (২৩), শাহা আলম (২২), জাহাঙ্গীর হোসেন (৩০) ও কুন্দিপুর মাঠপাড়া এলাকার এনামুল হোসেনের ছেলে মিরাজ হোসেন (২৩), ইদ্রিসের ছেলে আশিক (২৪)।

সাংবাদিক মামুনুর রশিদ জানান, আমি ডিলারশিপ নিয়ে ব্যবসা করি। কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদক কারবারি শাহাদৎ হোসেন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে ৫-৬ জন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভেতরে ঢুকে ম্যানেজার নুর আলমসহ কর্মচারীদের মারপিট করে এবং ভাঙচুর চালায়। এ সময় আমি ঠেকাতে গেলে তারা আমার ওপর হামলার চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এলাকাবাসীর অভিযোগ, শাহাদৎ হোসেন ও তার তিনভাই এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তাদের নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তারা স্থানীয় এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী ও মাদকের কারবার করছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।