ধান ভাঙানোর মেশিন বহনকারী ভ্যান উল্টে যশোরের ঝিকরগাছায় শওকত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক রাকিবুল ইসলাম (৪০)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার বাইসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত আলী ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের ইজ্জত আলী গাজীর ছেলে। আহত ভ্যানচালক রাকিবুল ইসলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আব্দুল গফুরের ছেলে। তিনি বর্তমানে ঝিকরগাছার হাড়িয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছেন।
ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, শওকত আলী ধান ভাঙানোর জন্য ভ্যানচালক রাকিবুল ইসলামকে ভাড়া করেন। বাইসা বাজার থেকে ধান ভাঙানোর মেশিন নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার উঁচু-নিচু অংশে ধাক্কা লেগে ভ্যানের চালকের সিটের নিচের রড ভেঙে যায়। এতে চালক ছিটকে পড়েন এবং ভ্যানটি উল্টে যায়।
ভ্যানের ওপর বসে থাকা শওকত আলী পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেন এবং শওকত আলীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার পর জরুরি বিভাগে চিকিৎসা শুরু করার আগেই শওকত আলীর মৃত্যু হয়।
