মনোনয়ন ইস্যুতে ধানক্ষেতে দাঁড়িয়ে রিভিউ আবেদন নবদম্পতির

ফেনী সদর আসনে বিএনপির মনোনয়নপত্র পুনর্বিবেচনার (রিভিউ) দাবিতে এক নবদম্পতি সৃজনশীলভাবে তাদের প্রতিবাদ জানিয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌর এলাকার বিরিঞ্চির আলম গাজী রোডের শাকিব ভিলার বাসিন্দা আদনান সোহাগ ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার এই অভিনব প্রতিবাদ জানান।

জানা গেছে, আদনান সোহাগ শুক্রবার দাগনভূঞা উপজেলার পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনের নিজ বাড়ির পাশের ধানক্ষেতে ‘রিভিউ’ ভঙ্গিতে দাঁড়িয়ে ছবি তোলেন তারা। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়।

এ বিষয়ে আদনান সোহাগ বলেন, আমি একজন সচেতন নাগরিক হিসেবে ছবিটি তুলছি। প্রত্যেক মানুষের একজন পছন্দের প্রার্থী থাকে। যিনি গণমানুষের নেতৃত্ব দেন। আমার সেই মানুষটি ফেনী সদর আসনে মনোনয়ন না পাওয়ায় আমি খুব ব্যথিত। তাই আমার পছন্দের মানুষটি যাতে মনোনয়ন পায়, এজন্য বিএনপি শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বিয়ের ফাঁকে এই ছবিটি তুলেছি। আমিও ফেনী সদর আসনে রিভিউ চাই।

উল্লেখ্য, ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তার মনোনয়ন পাওয়ায় দলটির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা ‘মনোনয়ন রিভিউ’ চেয়ে বিভিন্ন মাধ্যমে সরব রয়েছেন।

এর আগে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ’ ভঙ্গিতে তোলা একটি ছবি সারা দেশে ব্যাপক আলোচিত হয়েছিল।