চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় আব্দুল্লাহ আল মাসুদ (৩২) নামে এক যুবককে ঘরের ছাদে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগের দিন বুধবার রাত ১টার দিকে পৌরসভার উত্তর ধুরুং এলাকার ওমদা মিয়া বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল্লাহ আল রাশেদ বাদী হয়ে একই এলাকার মো. ওসমান, আফাজ উদ্দিনসহ আরও ৪৫ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করেন।
আহতের ভাই জানান, মাসুদ পেশায় একজন ইলেকট্রিশিয়ান। ঘটনার রাতে মুনাফখীল মাদ্রাসা থেকে ফেরার পথে ওসমান তাকে কৌশলে ডেকে নেয়। এরপর পরিকল্পিতভাবে অন্যরা রড, বাঁশের লাঠি দিয়ে মাথা, চোখ, হাত ও পায়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।
ফটিকছড়ি থানার এসআই মো. মাজহার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও অভিযুক্তদের মধ্যে মাদকসেবন সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ বলেন, ‘ঘটনার বিষয়ে নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন প্রবাসী আবু বকর (৩০)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আবু বকর চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর কে-া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। বিবাহ সূত্রে তিনি সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ের জামাই।
স্থানীয় সূত্র জানায়, গত ২৭ অক্টোবর আবু বকর সুমাইয়া আক্তার সুইটিকে বিয়ে করেন। বিয়ের পর গত শনিবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান তিনি। সেদিন সন্ধ্যায় অলিরবাজার থেকে হাঁটতে হাঁটতে ফিরছিলেন আবু বকর ও তার শ্যালক শান্ত। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য ফজলে রাব্বি ও পারভেজের সঙ্গে শান্তর ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্কের সূত্রপাত হয়। একপর্যায়ে রাব্বি ও পারভেজ শান্তকে মারধর করতে গেলে বাধা দেন আবু বকর। এতে ক্ষিপ্ত হয়ে তারা আবু বকরকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর গতকাল সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর গত ৯ নভেম্বর আবু বকরের স্ত্রী সুমাইয়া আক্তার সুইটি ফজলে রাব্বি ও পারভেজকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেন।
মাদারীপুরে নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল যুবকের লাশ : মাদারীপুরে নিখোঁজের দুদিন পর পুকুরে ভাসমান অবস্থায় সাইফুল ইসলাম মুন্সী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি কাজী বাড়ির পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল একই উপজেলার খাসেরহাট ইউনিয়নের স্ন্যানঘাটা গ্রামের শামসুল হক মুন্সীর ছেলে।