নতুন জীবনে অমিতাভ রেজা

মডেল-অভিনেত্রী জেনির ও মিম রশিদের সঙ্গে বিচ্ছেদের পর লম্বা সময় একা ছিলেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এবার তৃতীয় বিয়ে করে সেই একাকীত্ব জীবনের অবসান করলেন তিনি।  শুক্রবার (১৪ নভেম্বর)  নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বর ও কনে। পাত্রীর নাম মুশফিকা মাসুদ, পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক।সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন অমিতাভ-মুশফিকা। 

শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে স্ত্রী এবং নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করেন অমিতাভ রেজা। ওই পোস্টের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘হ্যাঁ, এটা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত। আলো আর অন্ধকারের সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিলাম। চলো নতুন করে শুরু করা যাক প্রিয় মুশফিকা মাসুদ।’ 

অমিতাভ রেজার সেই পোস্টে শোবিজ অঙ্গনের কেউ কেউ মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন। এর আগে দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছিলেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা , কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারো সঙ্গে জীবন কাটাব। আহা রে জীবন …। 

মুশফিকা মাসুদ যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন। তার বানানো ‘দি অ্যানিভার্সারি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নেয়।