সম্প্রতি ব্রাজিল দলের অনুশীলনে ভিনিসিউসের সঙ্গে কার্লো আনচেলত্তির একান্তে আলোচনা গণমাধ্যমে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসোর সঙ্গে ভিনিসিউসের সম্পর্ক নাকি শীতল—এমন খবরও মিডিয়ায় ঘুরছে। ভিনিসিয়ুসের সঙ্গে আলোচনার খবর স্বীকার করে ব্রাজিল কোচ বলেছেন, দলের সব খেলোয়াড়দের সঙ্গেই তিনি কথা বলেন।
আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় সেনেগালের বিপক্ষে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘আমি প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গেই কথা বলি—তাদের চিন্তাভাবনা, মাঠে কোন পজিশন বেশি স্বস্তিদায়ক এসব জানার চেষ্টা করি। ভিনিসিউসের সঙ্গে কথাটা ভবিষ্যৎ নিয়ে ছিল না। বিষয়টি ব্যক্তিগত ছিল, কৌশলগত নয়।’
আনচেলত্তি বিশ্বাস করেন, রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো জাতীয় দলেও একসঙ্গে খেলতে পারবেন, ‘ভিনিসিউস ও রদ্রিগো অবশ্যই একসঙ্গে খেলতে পারে। তারা রিয়াল মাদ্রিদে এটা করেছে, তারা অভ্যস্ত। আমি তাদের ভালো অবস্থায় দেখছি, মনোযোগী দেখছি। জাতীয় দলে তারা অনেক কিছু দিতে পারবে বলে আমি নিশ্চিত। ভুল থেকে শিখে এগোতে হবে। এখন ভুল করার সুযোগ আছে, কিন্তু বিশ্বকাপে ভুল করলে আর সুযোগ থাকবে না।’