মুন্সীগঞ্জে পিআইবির মহাপরিচালক

‘সত্য সংবাদ প্রকাশে সাংবাদিককে আপোষহীন হতে হবে’

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, সত্য সংবাদ প্রকাশে সাংবাদিককে আপোষহীন হতে হবে।

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা কথা উল্লেখ করে তিনি বলেন, সকল অনুকূল পরিবেশে সহকর্মীর পাশে থাকতে হবে। গুজব প্রতিরোধে সর্বদা সচেতন থেকে সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সকল সাংবাদিককে আপোষহীন হতে হবে। তাছাড়া সাংবাদিকরা সচেতন থাকলে সকল প্রকার গুজব রোধ করা সম্ভব। তাছাড়া সংবাদ পরিবেশনে তথ্য যাচাইয়ের অগ্রাধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেন পিআইবি মহাপরিচালক।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে ডিজিটাল মিডিয়া বিষয়ক দুইদিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক ফারুক ওয়াসিফ বলেন, গণমাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। গুজবের কারণে একটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকলের অনেক বেশি সর্তক হওয়া জরুরি। সাংবাদিকরা বিভিন্ন কারণে নির্যাতিত হয়। সকলে ঐক্যবদ্ধ থাকলে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব।

তিনি সব সময় সাংবাদিকদের সত্যের পক্ষে অবস্থানের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এছাড়া এতে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত ও গোলাম মোর্শেদ, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ প্রমুখ।