মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সিরাজদীখান বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিরাজদীখানগামী সিরাজদীখান পরিবহনের একটি বাসের পাশ দিয়ে মোটরসাইকেলটি যাচ্ছিল। এ সময় সড়কের ডান পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার কারণে সামনে এগোতে না পেরে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।