কুমিল্লা তিতাসে যুবককে হত্যার চার মাস পর মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার মজিদপুর বাজারের পাশে খাল থেকে খুলিটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় জানায়, এদিন দুপুরে স্থানীয় কিশোররা খালে মাছ ধরতে নামে। এসময় তাদের পায়ে একটি ব্যাগ লাগলে তারা ব্যাগটি ওপরে তুলে খুলে দেখে ভিতরে একটি ইট ও একটি মানুষের মাথা। পরে থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার খুলিটি উদ্ধার করে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, যুবক নজরুল হত্যায় জড়িত গ্রেপ্তার আসামির দেওয়া জবানবন্দিতে যা বলেছেন, তাতে ধারণা করা হচ্ছে এটা নিহত নজরুলের মাথার খুলি। এর আগে নজরুলের মরদেহের ৬ টুকরো উদ্ধার করেছে পুলিশ।
গত ১০ আগস্ট উপজেলার শাহাবৃদ্ধি গ্রামের ৩২ বছরের যুবক নজরুল ইসলামকে পরকিয়ার জেরে স্বামী-স্ত্রী মিলে হত্যার পর ৮ টুকরো করে ৪টি ব্যাগে ভরে খালে ফেলে দেয়। তখন তিতাস থানা পুলিশ দুই দিন অভিযান চালিয়ে একটি ব্যাগে দুই হাত এবং তার ৩ দিন পর দুই পায়ের ৪ টুকরো একটি ব্যাগে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বাকি মাথা ও শরীরের পাওয়া যায়নি। ৪ মাস পর শনিবার খাল থেকে মাথার খুলি পাওয়া গেল।