২য় নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন। অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হলো।

প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫ আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে বাংলাদেশের সক্ষমতা, আয়োজন দক্ষতা এবং নারী খেলাধুলায় অগ্রগতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা কাবাডি বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও সমান অংশগ্রহণের বার্তা আরও শক্তভাবে পৌঁছে দেবে। তিনি অংশগ্রহণকারী দেশগুলোর দলকে স্বাগত জানিয়ে সফল আয়োজনের জন্য সংগঠক, খেলোয়াড় ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন জানিয়েছে, টুর্নামেন্ট সফল করতে লজিস্টিকস, নিরাপত্তা, দলগুলোর আবাসন এবং দর্শকদের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। উদ্বোধনী ম্যাচসহ প্রতিদিন খেলা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বরের ফাইনাল পর্যন্ত।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে—বাংলাদেশ, চায়নিজ তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জানজিবার।

অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন, সরকার দেশে নারী খেলোয়াড়দের উন্নয়ন ও অংশগ্রহণ বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী অ্যাথলেটদের সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন তিনি।