জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যে গণভোট হবে, সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বলবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি এ বিষয়ে জনগণকেও ‘হ্যাঁ’ বলার জন্য উদ্বুদ্ধ করা হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল রবিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন একটি মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত জামায়াতসহ আট দল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে আট দলের শীর্ষ নেতারা বৈঠক করেন।
বিএনপিকে ইঙ্গিত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আট দল শুরু থেকেই সংস্কারের পক্ষে। কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অনেক বিষয়ে একটি দল বিরোধিতা করেছে। তাই জাতিকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।’
সাংবাদিকদের জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘অনলাইনে একটি দলের কর্মীবাহিনী আগে থেকেই গণভোটে “না”-এর পক্ষে প্রচার চালাচ্ছে। এর মাধ্যমে কারা সংস্কারের পক্ষে নেই, সংস্কারের বিরোধিতা করছে, জাতি তাদের চিনতে পারল। পুরো জাতি সংস্কারের পক্ষে। যারা এর বিপক্ষে যাবে, জাতি নিশ্চয়ই তাদের প্রত্যাখ্যান করবে।’
জামায়াতসহ আট দলের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দলের লিয়াজোঁ কমিটি আছে। শীর্ষ নেতাদের পক্ষ থেকে তাদের দায়িত্ব দেওয়া আছে। তারা আলোচনা করে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে। দলগুলোর সব দাবি পূরণ হয়নি। এজন্য আন্দোলন চলমান। আট দলের কর্মসূচির কারণে জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার রায় নিয়ে আট দল কোনো কর্মসূচি দেবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আট দল ফ্যাসিবাদবিরোধী আগের কর্মসূচিগুলোর সময় মাঠে ছিল। আগামীকালও তারা মাঠে থাকবে। কোনো নাশকতা করতে দেওয়া হবে না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার প্রমুখ।
আলেম-ওলামাদের নিয়ে মন্তব্যে সতর্কবার্তা জামায়াত আমিরের : বিজ্ঞ আলেম-ওলামাদের নিয়ে কোনো অশোভন মন্তব্য না করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টে এ আহ্বান জানান। ফেসবুক পোস্টে জামায়াতের আমির বলেন, ‘যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না। যদি কেউ এমনটি করেন, ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না। ধন্যবাদ।’