কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৩০ রানের পরাজয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই মাঠেই ২০০১ সালে ১৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে হারানো সাবেক স্পিনার হরভজন সিং সরাসরি আক্রমণ করেছেন টিম ম্যানেজমেন্টকে—তার দাবি, এমন ‘র্যাঙ্ক টার্নার’ তৈরি করতে করতে ভারত টেস্ট ক্রিকেটকেই ধ্বংস করে দিচ্ছে।
রবিবার ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। ওয়াশিংটন সুন্দর ছাড়া কেউই ৩০ পেরোতে পারেননি। দ্বিতীয় দিনে পড়ে ১৫ উইকেট—স্বাভাবিকভাবেই ইডেনের উইকেট নিয়ে প্রশ্ন ওঠে। আগের দিন কলকাতার ছেলে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, 'উইকেটে চার দিন জল না দিলে এমনটা হবেই।' ম্যাচ শেষে হেড কোচ গৌতম গাম্ভীর জানিয়ে দেন, 'আমাদের এমন উইকেটই চেয়েছিলাম।' আর সেখানেই সবচেয়ে কড়া ভাষায় বিরক্তি ঝাড়লেন হরভজন।
ইউটিউবে দেওয়া তীব্র প্রতিক্রিয়ায় হরভজন বলেন, 'ওরা পুরোপুরি টেস্ট ক্রিকেট ধ্বংস করে দিয়েছে। শান্তিতে থাকো টেস্ট ক্রিকেট। এমন উইকেট তৈরি হচ্ছে অনেক বছর ধরে। কেউ কথা বলে না, কারণ দল জিতছে, কেউ উইকেট নিয়ে হিরো হচ্ছে, তাই মনে হচ্ছে সব ঠিক আছে। কিন্তু এটা খুব ভুল পথে চলা।'
তার মতে, এমন ধরণ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যায় না বরং পিছিয়ে দেয়, 'এভাবে খেললে আপনি কোথাও এগোচ্ছেন না। গরুর মতো চক্রে ঘুরছেন—শুধু জিতছেন, কিন্তু কোনো লাভ নেই। ক্রিকেটার হিসেবে আপনি বেড়ে উঠছেন না। এমন উইকেটে ব্যাটসম্যানরা রান করতে কী করবে বুঝতেই পারে না।'
হরভজন বলেন, 'এমন উইকেটে ব্যাটসম্যান-বোলারের মাঝের পার্থক্যই থাকে না, 'যেখানে পরিস্থিতি এতটাই বোলারবান্ধব যে ব্যাটসম্যানরা স্কিলের জন্য নয়, উইকেটের কারণে আউট হচ্ছে—সেখানে ভালো ব্যাটসম্যান আর ভালো বোলারের পার্থক্য কোথায়? এটা ক্রিকেটের জন্য ক্ষতিকর।'