সোবোস্লাইয়ের মেকি কান্না আসল কান্নায় রূপ নিলো

এগিয়ে গিয়েও আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হাঙ্গেরির

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:২০ এএম

প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল হাঙ্গেরি। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় স্বপ্ন ভেঙে চুরমার। সেই ব্যথা সামলাতে পারেননি দলের তারকা ডমিনিক সোবোসলাই। বাঁশি বাজার পর লিভারপুলের এই মিডফিল্ডারকে কাদতে দেখা যায়।

বুদাপেস্টে রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে রবিবার রাতে ৩-২ ব্যবধানে হেরে যায় হাঙ্গেরি। ম্যাচের নায়ক আয়ারল্যান্ডের ট্রয় প্যারট, যিনি হ্যাটট্রিক করে একাই বদলে দেন ম্যাচের গতিপথ। এই জয়ে আয়ারল্যান্ড নিশ্চিত করে বিশ্বকাপ প্লে-অফ, আর ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফেরার স্বপ্ন অধরাই থেকে যায় সোবোস্লাইদের।

ম্যাচের শুরুটা ছিল হাঙ্গেরির

মাত্র তিন মিনিটেই এগিয়ে যায় হাঙ্গেরি। নিজের সতীর্থ ও লিভারপুল ডিফেন্ডার মিলোস কেরকেজকে বল দিয়ে আবার পাস ফিরে নিয়ে দারুণ ক্রসে লুকাক্সকে গোল করান সোবোস্লাই। এই গোলের আনন্দে আগের ম্যাচে রোনালদোর মতো কান্নার ভান করতে দেখায় যায় লিভারপুল তারকাকে। 

কিন্তু ১৫ মিনিটের আগেই আয়ারল্যান্ড ফিরে আসে ম্যাচে। ডারা ও’শিয়ার লম্বা বল ধরে এগোতে থাকা ওগবেনেকে ফাউল করে বসেন অ্যাটিলা সালাই। ভিএআরের পর পেনাল্টি দেন রেফারি, আর সেখান থেকেই সমতায় ফেরান প্যারট।

দু’দলের লড়াই জমে ওঠে

সোবোস্লাই মাঝমাঠে গতি কমিয়ে খেলা নিয়ন্ত্রণে রাখলেও আয়ারল্যান্ড ছিল সরাসরি ফুটবল খেলায় অটল। একপর্যায়ে কেলেহার দুর্দান্ত সেভে রুখে দেন সালাইকে। তবে ৩৭ মিনিটে আবারও এগিয়ে যায় হাঙ্গেরি—কেরকেজের ক্রস থেকে ভার্গা দুর্দান্ত ডান-পায়ের শটে জালে পাঠান বল।

তবে আয়ারল্যান্ড হাল ছাড়ার দল নয়। দ্বিতীয়ার্ধে তারা আক্রমণে চাপ বাড়ায়। ওগবেনে ইনজুরিতে মাঠ ছাড়লেও বদলি আদাম ইদাহ ও প্যারট মিলে খেলা ঘুরিয়ে দেন।

৮০ মিনিটে আজাজের লফটেড পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ চিপে ম্যাচে ২-২ সমতা ফেরান প্যারট।

শেষ মুহূর্তের সেই আঘাত

স্টপেজ টাইমের ছয় মিনিটে স্কেলসের হেড ডাউন পেয়ে দৌড়ে এসে বল ঠেলে বিজয়সূচক গোল করেন প্যারট। এটাই সম্পূর্ণ বদলে দেয় চিত্র—স্বপ্নভঙ্গ হাঙ্গেরির, উল্লাসে মাতোয়ারা আয়ারল্যান্ড।

শেষ মুহূর্তে সোবোস্লাইয়ের একটি তীক্ষ্ণ শট দারুণ সেভে ঠেকান কেলেহার। বাকি সময় আর কিছুই করতে পারেনি হাঙ্গেরি।

শেষ বাঁশির পর সোবোস্লাই ও কেরকেজ দু’জনই হতভম্ব হয়ে মাঠে দাঁড়িয়ে থাকেন—অপ্রত্যাশিত পরাজয় যেন মেনে নিতে পারছিলেন না তারা।

পর্তুগালের ৯-১ গোলের বড় জয়ের ফলে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে আসে আয়ারল্যান্ড, আর তাতেই প্লে-অফের জায়গা নিশ্চিত হয় তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত