নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোনার কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাহীনুর আলম আকন্দ (৪৭) নামের একজন হিসাব রক্ষণ কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালে নেত্রকোনা জেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বামনী এলাকায় এই ঘটনা ঘটে। তিনি কলমাকান্দা উপজেলায় কর্মরত ছিলেন। বাড়ি খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামে।

তিনি পরিবার নিয়ে নেত্রকোনা জেলা শহরের সাতপাই বসবাস করছিলেন। তিনি ২০২১ সাল থেকে কলমাকান্দা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।

কলমাকান্দা হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে তিনি প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল যোগে নেত্রকোনা থেকে কর্মস্থল কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বামনী এলাকায় পৌঁছামাত্রই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ঢলে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত  বলেন, তার মৃত্যুতে উপজেলা প্রশাসনের পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।