আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেছেন, শেখ হাসিনা গত ১৬ বছরে অনেক বড় বড় শক্তি দেখিয়েছেন, কিন্তু কোনো শক্তিই টেকেনি। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ক্ষমতার দাপটে তিনি অনেক অন্যায় করেছেন, আর আজ তার ফাঁসির আদেশ হয়েছে।
তিনি আরও বলেন, আল্লাহ উত্তম বিচারক—তিনি যথাযথ বিচার দেখিয়ে দিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোদরহাট বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আমির হোসেন খান। উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি সিদ্দিকুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র রাজনৈতিক সেক্রেটারি তমিজ উদ্দিন মিয়া কাজল, ভাণ্ডারিয়া পৌরসভার আমির মাওলানা আবুল বাশারসহ অন্যান্য নেতারা। এ সময় ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।