বেপজায় ২ বিদেশি প্রতিষ্ঠানের ৭১ মিলিয়ন ডলার বিনিয়োগ

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে ৭১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে দুটি বিদেশি কোম্পানি। শিল্প ইউনিট স্থাপনের লক্ষ্যে গতকাল সোমবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে বেপজা এবং কোম্পানি দুটির মধ্যে আলাদা আলাদ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজ ঝ্যাং না এবং ডিজে কপার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. ঝ্যাং জুনফেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজা জানিয়েছে, ডিজে কপার কোম্পানি লিমিটেড ও জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেড এই বিনিয়োগ করছে।

জানা গেছে, কোম্পানিগুলো হালকা প্রকৌশল এবং গার্মেন্ট অ্যাক্সেসরিজ উৎপাদনে ৭০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় (ডলার প্রতি ১২২ টাকা ধরে) যার পরিমাণ ৮৬২ কোটি টাকার বেশি।

এই বিনিয়োগ সম্পন্ন হলে ১ হাজার ১০৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের শিল্প বৈচিত্র্যকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নিরাপদ, ব্যবসাবান্ধব ও কার্যকর বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বেপজা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।’