বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী তাদের ধাওয়া করে ৩ জনকে আটক করেছে। পরে তাদের মারপিট করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার রাত ১০টায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শেরপুর উপজেলার বোয়ালকান্দি ব্রিজে এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা এলাকার মওলা ফকিরের পুত্র সাজু ফকির (২৪), ইউনুছ আলীর পুত্র জীবন রহমান (২৬) ও জেল হোসেনে পুত্র সোহানুর রহমান সম্রাট (২০)।
এছাড়া তাদের আরেক সহযোগী শামীম (৩০) নামের একজন পালিয়ে যায়।
ভুক্তভোগী অটোভান চালক ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের শামছুল হকের পুত্র মো. শাহ আলম জানান, রাত অনুমান সাড়ে ৯টার দিকে ধুনট বাজার থেকে সাজু ও জীবন শেরপুর যাওয়ার কথা বলে তার অটোভ্যন ভাড়া নেয়। শেরপুর আসার পথে বোয়ালকান্দি ব্রিজের নিকট পৌঁছলে তারা সেখানে থামতে বলে। এ সময় আগে থেকেই ওঁৎপেতে থাকা সম্রাট ও শামীম এসে ভ্যানচালক শাহ আলমকে মারপটি করে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায়।
পরে ভ্যানচালকের চিৎকারে আশপাশের লোকজন ও সিএনজি অটোরিক্সা চালক ঐ ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটো ভ্যানের পিছু ধাওয়া করে তাদের ৩ জনকে আটক করে। উত্তেজিত জনতা তাদের মারপিট করে পুলিশে খবর দেয়। পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এসএম মঈনুদ্দিন, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক কৃতদের নামে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।