মুন্সীগঞ্জে দৈনিক আমাদের সময়ের সাংবাদিক নাদিম হোসাইনকে (৩০) প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি নাদিমকে ওই হুমকি প্রদান করেন সুজন সরকার নামে এক যুবদল কর্মী।
সুজন মুন্সীগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার সীমার ছেলে। এ ঘটনায় ওই সাংবাদিক সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার কাজিম উদ্দিনর ছেলে।
সাংবাদিক নাদিম হোসাইন জানান, ৫ বছর আগে মুন্সীগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন শ্রীপল্লী এলাকার মোড়ে সেখানকার তাহমিনা পারভীন নামে এক নারীর কাছ থেকে টং দোকান ভাড়া নিয়ে তার বাবা চা কেনাবেচা করে আসছিলেন। গতবছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা মহিলা কাউন্সিলর সীমা ও তার ছেলে সুজন ওই জায়গার মালিকানা দাবি করে দোকান সরিয়ে নিয়ে চাপ দিয়ে আসছিল। এরপর থেকে জোরপূর্বক প্রতিমাসে এক হাজার টাকা করে আদায় করছিল।
সাংবাদিক নাদিম বলেন, মঙ্গলবার আমার বাবা টং দোকান সরিয়ে নেয়। সেখানে তাহমিনা পারভিনের কাছ থেকে অপর ব্যক্তি ভাড়া নিয়ে দোকান উত্তোলন করে। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় যুবদল কর্মী সাবেক মহিলা কাউন্সিলের ছেলে সুজন।
এ ব্যাপারে সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার সীমা সাংবাদিকদের বলেন, ওই জায়গার মালিক আমি। আমাকে না জানিয়ে সেই জায়গায় আরেকজন কিভাবে দোকান তুলেছে। এজন্যই আমার ছেলে ওই সাংবাদিককে গালিগালাজ করেছে।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, একজন সাংবাদিকে হুমকি-ধামকি দেওয়ার ঘটনায় সাধারণ ডায়রি পেয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।