রাজশাহী ওয়াসা

কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন

রাজশাহী ওয়াসার অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীদের স্থায়ী নিয়োগসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর উপশহরে ওয়াসা ভবনের সামনে ওয়াসা কর্মচারী ইউনিয়নের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী ওয়াসায় অস্থায়ী কর্মচারীরা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসছেন। কেউ এক দশক, কেউবা ১৫ থেকে ২০ বছর ধরে মাস্টাররোলে কাজ করলেও এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি। 

বক্তারা বলেন, অস্থায়ী কর্মচারীরা ওয়াসার পানি সরবরাহ, লাইনের জরুরি মেরামত, ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা বলেন, ‘এত বছর কাজ করার পরও যদি চাকরি স্থায়ী না হয়, তাহলে ভবিষ্যতে আমরা কোথায় দাঁড়াব?’

মাস্টাররোল ভিত্তিতে কর্মরত কর্মচারীদের দৈনিক মজুরি ৪৫০ থেকে ৫৫০ টাকা। এই আয়ে বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা, চিকিৎসা ব্যয় ও সন্তানের শিক্ষার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে বলে জানান বক্তারা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। বক্তব্য দেন আল-আমিন কাজল, নাসিম খান, আজিজুল ইসলাম, জনি, জয়নাল আবেদীন, আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতান।