গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এটি ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের চার মাথায় গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ হয়। বিকেল সাড়ে ৪টার দিকে চারমাথায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে কিছু সময় মহাসড়ক অবরোধ করে রাখেন মিছিলকারীরা। এতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চারমাথা এলাকার আশপাশে তীব্র যানজট তৈরি হয়। মহাসড়কের অবস্থানরত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা রেজাউল করিম, আহমেদ শরীফ, আবু তাহের প্রমুখ।
জানা গেছে, গাইবান্ধা-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে দলীয় মনোনয়ন দেয় দলটি। এরপর থেকে এ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে আসা নেতাদের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা নানা কর্মসূচি পালন করছেন।