ক্রিকেটার এবং বোর্ডের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল- মুশফিকুর রহিমের শততম টেস্ট উদযাপন করা হবে। সেই অনুসারেই আজ মিরপুর শেরে বাংলায় দেখা গেল হরেক আয়োজন। স্মারক ক্যাপ থেকে শুরু করে সতীর্থদের অটোগ্রাফসহ জার্সি- সবই তুলে দেওয়া হলো মুশফিকের হাতে।২০০৫ সালে অভিষেকে মুশফিকুর রহিমকে টেস্ট টুপি দিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক হাবিবুল বাশার, তিনিই শততম টেস্ট উপলক্ষ্যে এক সময়ের সতীর্থকে বিশেষ টুপি পরিয়ে দিলেন।
মুশফিকের হাতে ক্যাপ ক্যাসকেট দেন তুলে দেন দেশের এক নম্বর টেস্ট ক্যাপধারী সাবেক অধিনায়ক আকরাম খান।
মুশফিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন মাঠে। ছিলেন মুশফিকের দীর্ঘদিনের সতীর্থ এবং ব্যক্তিগত জীবনের ভায়রা-ভাই মাহমুদউল্লাহ রিয়াদও।
মুশফিককে বিশেষ ক্রেস্ট উপহার দেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
মুশফিকের প্রথম অধিনায়ক হাবিবুল বাশার এবং বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে তুলে দেন বিশেষ টেস্ট জার্সি।
বর্তমান এবং সেই লর্ডস টেস্টের সতীর্থদের সঙ্গে মুশফিকুর রহিম।
সংক্ষিপ্ত বক্তব্যে মুশফিক বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য এক শ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।’