মিরপুরে ম‍্যাকব্রাইনের স্পিনে চাপে বাংলাদেশ

ঢাকা টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ দল। ওপেনিং জুটিতে এসেছে ৫২ রান। দলকে ভালো শুরু এনে দিলেও ওপেনাররা কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৪ রান। চারে নামা অধিনায়ক নাজমুল হোসেন আউট হয়েছেন ৮ রান করে।

আজ বুধবার মিরপুর শেরেবাংলায় বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে ডানহাতি স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন সাদমান। ফিল্ড আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নিয়ে সফল হয় আইরিশরা। ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার হয়েছেন আরেক ওপেনার মাহমুদুল। বড় শট খেলতে গিয়ে তুলে দেন ক্যাচ।

দুই ওভার পরই বাংলাদেশ অধিনায়ক শান্তকে বোল্ড করে তৃতীয় শিকার ধরেন ম্যাকব্রাইন। আগের বলে ছক্কা মেরে পরের বলেই টাইমিংয়ে গণ্ডগোল করে তিনি বোল্ড হয়ে যান। মধ্যাহ্ন বিরতির আগে উইকেটে আসেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। ১৭ রান নিয়ে অপরাজিত আছেন মুমিনুল। ৩ রানে অপরাজিত আছেন মুশফিক।