বাংলাদেশ ছেড়ে যেতে খুব খারাপ লাগছে: হামজা

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর রাতেই লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী। ফিরে যাচ্ছেন নিজের পরিবারের কাছে। যে কারণে সতীর্থদের সঙ্গে বিজয় উদযাপনটা দীর্ঘায়িত হয়নি। বিমানে ওঠার আগে দেশের এই ফুটবল সুপারস্টার বলে গেলেন, সবাইকে ছেড়ে যেতে কষ্টই লাগছে।

ঢাকা বিমানবন্দরে একটি টেলিভিশন চ্যানেলকে হামজা বলেন, ‘তিন-চার মাসের জন্য টিমমেটদের দেখব না, খালা-খালু তাদেরও দেখব না। বাংলাদেশ ছেড়ে যেতে খুব খারাপ লাগছে। তবে অনেকদিন পর ইংল্যান্ডে ফেরা নিয়েও আমি খুবই রোমাঞ্চিত। পরিবার, স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করার তর সইছে না।’

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় স্টেডিয়ামে শেখ মোরসালিনের একমাত্র গোলে ভারতকে ২২ বছর পর হারায় বাংলাদেশ। লেস্টার সিটিতে খেলা হামজা এদিন মিডফিল্ডের পাশাপাশি ‘গোলকিপার’ হয়ে উঠেছিলেন। মিতুল মারমা যেখান  ব্যর্থ, সেখানে হামজাই আগলে রাখেন গোলপোস্ট। অন্তত একটি নিশ্চিত গোল তিনি বাঁচিয়ে দেন!

হামজাকে গোটা ম্যাচেই বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে। কখনো ডিফেন্ডার, কখনো আবার মিডফিল্ডার, আবার কখনো কখনো আক্রমণেও উঠেছেন। মোটকথা, দলের প্রয়োজনে যখন যেখানে প্রয়োজন, সেখানেই থাকার চেষ্টা করেছেন। এতেই ২২ বছর পর ভারতের বিপক্ষে এসেছে ঐতিহাসিক জয়।