রেকর্ড পারিশ্রমিকে মডেলিংয়ে শাকিব খান

দীর্ঘদিন পর আবার মডেলিংয়ে ফিরছেন চিত্রনায়ক শাকিব খান। এই খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। পাশাপাশি আরও একটি নতুন একটি গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়েছে। সেটা হলো নতুন এই বিজ্ঞাপনচিত্রের জন্য পারিশ্রমিক নিয়েছেন সাড়ে তিন কোটি টাকা; যা বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রের ইতিহাসে নতুন রেকর্ড। শীতকালীন ত্বক সুরক্ষা পণ্যের নতুন এই বিজ্ঞাপচিত্রটি নির্মাণ করছেন আদনান আল রাজীব।তবে শাকিবের পারিশ্রমিক নিয়ে নির্মাতা কোনো মন্তব্য করেননি। বিজ্ঞাপনটির শুটিং ইতোমধ্যে রাজধানীতে সম্পন্ন হয়েছে। 

শিগগিরই এটি টেলিভিশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে। শাকিব খান সম্প্রতি ‘রিমার্ক হারল্যান’ কোম্পানি ছেড়ে দিয়েছেন, এই গুঞ্জনও কিছু সময় ধরে শোনা যাচ্ছিল। তার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এমন খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শাকিব খান আগামীতে নিয়মিত বিভিন্ন কোম্পানির সঙ্গে টিভিসি, ফটোশুট ও প্রচারণায় দেখা দেবেন।বর্তমানে শাকিব খান নতুন সিনেমা ‘সোলজার’র শুটিং শুরু করেছেন। সিনেমার পরিচালক সাকিব ফাহাদ এক ভিডিও বার্তায় শুটিং শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন। এতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকবেন তানজিন তিশা।