গাজীপুর মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি টিনসেড কলোনির অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার সময় মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় রুমেল পাঠানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে রুমেল পাঠানের টিনসেড কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে মুহূর্তের মধ্যে আশেপাশের রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তীব্র আগুনের কারণে তারা ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
বাড়ির মালিক রুমেল পাঠান জানান, টিনসেড কলোনির অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোন রুমের জিনিসপত্রও উদ্ধার করা সম্ভব হয়নি।
শাহ আলম নামের এক পোশাক শ্রমিক বলেন, “আমি অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে। বাসায় আসতে আসতে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।”
স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা জানান, খবর শুনে আমরা স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। তিনি বলেন, রাস্তা না থাকার কারণে ফায়ার সার্ভিসের কাজেও সময় লেগেছে। স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।