ভারতীয় গণমাধ্যমের দাবি

শাহরুখের সিনেমা কপি করে নির্মাণ হচ্ছে শাকিবের ‘সোলজার’!

এবার বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমাকে কপি করে শাকিব খানের‘সোলজার’ বানানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। এক প্রতিবেদনে পত্রিকাটি বলেছে, দীর্ঘ সিনেমাজীবনে শাকিব খান বাংলাদেশের অনুরাগীদের কাছে 'কিং খান' নামে পরিচিত। ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও তার অনুরাগীরা প্রায় ত্রিশ বছর ধরে একই নামে ডেকে আসছেন। এবার শোনা যাচ্ছে, শাকিব সেই শাহরুখের ছবিকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন। 

আনন্দবাজারের দাবি, শাকিবের ‘সোলজার’ ছবির চিত্রনাট্য একেবারে শাহরুখের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে তৈরি হচ্ছে। মিল শুধু নায়কের সঙ্গে নয়, শাহরুখের ছবিতে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো দুই নায়িকা ছিলেন। তেমনি শাকিবের এই ছবিতেও রয়েছেন দুই অভিনেত্রী- তানজিন তিশা ও ঐশী। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তানজিন তিশার চরিত্রটি নাকি ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে আনুশকা শর্মা অভিনীত ‘আকিরা’ চরিত্রের মতো। 

তবে এ অভিযোগ নিয়ে সোলজার সিনেমার নির্মাতাপক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।