মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মধ্যবিত্ত খামারি চেরাগ মিয়ার জীবিকার একমাত্র ভরসা ছিল হাঁসের খামার। হাকালুকি হাওরে হাস পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। কিন্তু গত ১৩ নভেম্বর সকালে বিষক্রিয়ায় তার ৩৩৫টি হাঁস মারা গেলে নিঃস্ব হয়ে পড়েন তিনি।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মানবিক উদ্যোগ হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত খামারির জন্য জরুরি সহায়তা পাঠানোর নির্দেশ দেন। তারই অংশ হিসেবে গত মঙ্গলবার চেরাগ মিয়ার হাতে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।
তারেক রহমানের নির্দেশে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে অনুদানের অর্থ হস্তান্তর করেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক নিপার রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, ইমতিয়াজ গফুর মারুফ, ফয়সল আহমদ, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ। আবেগাপ্লুত খামারি চেরাগ মিয়া বলেন, ‘১২ থেকে ১৪ বছর ধরে হাঁস পালন করছি। হঠাৎ এতগুলো হাঁস মারা যাওয়ায় মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কে বা কারা জমিতে বিষ দিয়েছে জানি না। দুশ্চিন্তায় ছিলাম। তারেক জিয়া টাকা পাঠিয়েছেন এটা আমার জন্য বড় স্বস্তি। এখন আবার নতুন করে হাঁস কিনতে পারব।’