নীলফামারী-সৈয়দপুর সড়ক ৪ লেন করার দাবিতে মানববন্ধন

নীলফামারী-সৈয়দপুর সড়কটি চার লেনে উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ‘আর নয় সড়কে মৃত্যু, শান্তি ও নিরাপদ হোক পথচলা’ স্লোগান নিয়ে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মেসবাহুল হক, ইয়েস গ্রুপের আহ্বায়ক তাহমিনুল হক ববী, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জেলা ট্রাক-মালিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস জেলা শাখার সভাপতি সাকিল ইসলাম, শিক্ষার্থী প্রিয়তা সাহা, ইয়েস গ্রুপের এসিজি সমন্বয়ক মো. আব্দুল মোমিন, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু ও নাসিমা বেগম। এছাড়া সনাক, ইয়েস, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), গণমাধ্যম প্রতিনিধি, বেসরকারি সংস্থার সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকরা মানববন্ধনে অংশ নেয়। এ সময় ইয়েস দলনেতা ফারজানা আক্তার আরিফা দুর্ঘটনা প্রতিরোধে ১১ দফা দাবি উত্থাপন করেন।