নারায়ণগঞ্জ-৩

প্রার্থী পরিবর্তনে তারেক রহমানের কাছে অভিযোগ 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলামের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ দিয়েছেন এ আসনের ৭ মনোনয়ন প্রত্যাশী। তাদের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্রে এ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে তারেক রহমানের কাছে এ অভিযোগ দেন তারা।

নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও অভিযোগকারীরা হলেন, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম, সাবেক সাংসদ ও নির্বাহী কমিটির সদস্য মো. গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক।   

তারেক রহমানের কাছে পাঠানো তাদের স্বাক্ষরিত অভিযোগ থেকে জানা যায়, ৫ আগস্টের ঘটনার পর আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, অনৈতিকভাবে টাকা আদায়সহ নানা অভিযোগ উঠেছে। এ ছাড়া দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, তিনি কোনো চাঁদাবাজি ও অপকর্মে জড়িত নন। তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।