শ্রীমঙ্গলে একদিনের সফর শেষে নিজ বাড়ি থেকে বিদায় নিলেন শমিত সোম

জাতীয় দলের ফুটবলার শমিত সোম একদিনের সফর শেষে বৃহস্পতিবার বিকাল ৪টায় শ্রীমঙ্গলের নিজ বাড়ি দক্ষিণ উত্তরসুর সোমবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

একদিনের এই সফরে এলাকায় ছিলো উৎসবের আমেজ। তাকে এক নজর দেখতে রীতিমতো ভিড় জমায় স্থানীয় খেলোয়াড়, কিশোর ফুটবলার ও এলাকাবাসী।

পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করা এবং শ্রীমঙ্গলের খেলাধুলার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা—এই অল্প সময়ের সফরেও মানুষের সঙ্গে যেন একাত্ম হয়ে ছিলেন এই উঠতি তারকা। বিদায়ের সময় অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।

বিদায় বেলা শমিত সোম বলেন, ‘নিজ এলাকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। বারবার ফিরে আসতে মন চায়। দোয়া চান যেন জাতীয় দলের হয়ে আরও ভালো করতে পারি।’

পারিবারিক সদস্যরা জানান, সময় স্বল্পতার কারণে এবার বেশি দিন থাকা হয়নি। তবে সময় সুযোগ হলে আবার ফিরে আসবেন বলে জানিয়েছেন শমিত।

বিদায়ের মুহূর্তে তাকে ঘিরে ছিল শুভকামনা, ফুলেল শুভেচ্ছা ও মানুষের ভালোবাসার উচ্ছ্বাস। শ্রীমঙ্গলের মানুষ অপেক্ষায় থাকল কবে আবার তাদের নিজস্ব নায়ক শমিত সোম ফিরবেন ঘরে।