প্রতিদিনের বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ ফাইনালে উঠেছে দেশ রূপান্তর।
আজ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিদিনের বাংলাদেশকে ৪২ রানে হারায় দেশ রূপান্তর। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শওকত আলী পলাশের ৩৬ এবং সুদীপ্ত আনন্দের ২৫ রানের ওপর ভর করে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান করে দেশ রূপান্তর। পরে প্রতিদিনের বাংলাদেশকে ৭২ রানে আটকে দেয় দেশ রূপান্তরের বোলাররা। পরাজিত দলের রোমেল করেন সর্বোচ্চ ২৫। দেশ রূপান্তরের সরোয়ার আলম ও শওকত আলী পলাশ একটি করে ইউকেট লাভ করেন। ৩৬ রানের সঙ্গে ১ উইকেট নেয়া পলাশ হয়েছন ম্যাচ সেরা।
ডি গ্রুপের ফাইনালে দেশ রূপান্তর খেলবে চ্যানেল টুয়ান্টিফোরের সঙ্গে।
টুর্ণামেন্টের দ্বিতীয় দিন এ ছাড়াও এটিএন নিউজকে ৪ উইকেটে হারিয়েছে কালের কণ্ঠ। ম্যাচসেরা হন জয়ী দলের রাহেনুর ইসলাম। দৈনিক সংগ্রামকে ৫০ রানে পরাজিত করে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড। ম্যাচসেরা জয়ী দলের প্রিন্স। ৭৯ রানের বড় ব্যাবধানে দিনকালকে পরাজিত করে চ্যানেল আই। ম্যাচসেরা নির্বাচিত হন জয়ী দলের নিলাদ্রী শিখর। ৪ উইকেটে আরটিভিকে পারজিত করে জনকণ্ঠ, ২১ রানে এশিয়ান টিভিকে পরাজিত করে নয়া দিগন্ত, ৬ রানে বিটিভিকে পরাজিত করে আলোকিত বাংলাদেশ। আমাদের সময়কে ১০ রানে পরাজিত করে জয় তুলে নেয় জাগোনিউজ২৪ডটকম, ডেইলি টাইমস অব বাংলাদেশকে ৫ ইউকেটে পরাজিত করে বাংলাদেশ প্রতিদিন এবং ডেইলি অবজারভারকে ৫ ইউকেটে পরাজিত করে চ্যানেল ২৪। নির্ধারিত সময়ে আজকের সংবাদের খেলোয়াড়রা মাঠে না আসায় নিয়মানুসারে ওয়াকওভার পায় জিটিভি।
দেশের ৪৮টি মিডিয়া (জাতীয় দৈনিক, অনলাইন ও টেলিভিশন) অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। বুধবার টুর্ণামেন্টটি উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ক্রীড়া সম্পাদক মুজিবুর প্রমুখ উপস্থিত ছিলেন।