দেশের প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে একটি গানের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ঘিওর থানায় ইসলাম অবমাননার অভিযোগে হওয়া এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাসিন্দা। অভিযোগ আছে, গত ৪ অক্টোবর ঘিওর উপজেলায় এক গানের অনুষ্ঠানে ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে কটূক্তি করেন। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। এতে ধর্মপাণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে মাদারীপুরে এক গানের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।