বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাশালী সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম অ্যাডেলে। যখনই তার নতুন কোনো গান কিংবা অ্যালবাম প্রকাশ পায়, তখনই তা সারা বিশ্বে শোরগোল পড়ে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি ও রাজনীতিবিদসবাই তার গানে ভিন্ন মাত্রার প্রশান্তির স্বাদ খুঁজে পান। তার পুরো নাম অ্যাডেলে লরি ব্লু অ্যাডকিন্স। কিন্তু বিশ্ব জুড়ে পরিচিত অ্যাডেলে নামেই। গান দিয়ে একজ সংগীতশিল্পী যতটা অর্জন করতে পারেন, তার সবই বগলদাবা করেছেন এই ব্রিটিশ গায়িকা। আকাশচুম্বী জনপ্রিয়তা, তুমুল সাফল্য আর পুরস্কারের মঞ্চে বাজিমাত; সবই রয়েছে তার ক্যারিয়ারে। বিশ্ব সংগীতের অন্যতম জনপ্রিয় এই গায়িকা এবার ভক্তদের সামনে আসছেন নতুন এক পরিচয়ে। অভিনয় থেকে গানে কিংবা গায়িকা থেকে নায়িকা হতে দেখা গেছে অনেককেই। বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র শিল্প হলিউডেই এমন চল দীর্ঘদিনের। ম্যাডোনা, জেনিফার লোপেজদের পর লেডি গাগা, টেইলর সুইফট ও সেলেনা গোমেজদের মতো জুনিয়র শিল্পীদেরও দেখা গেছে অভিনয় করতে। এবার তাদের দলে যুক্ত হচ্ছেন ১৬ বার গ্র্যামিজয়ী নন্দিত ব্রিটিশ গায়িকা অ্যাডেলে। টম ফোর্ড পরিচালিত আসন্ন চলচ্চিত্র ‘ক্রাই টু হেভেন’-এ অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন তিনি। সিনেমাটি অ্যান রাইসের ১৯৮২ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে অ্যাডেলের সঙ্গে অভিনয়ে থাকছেন নিকোলাস হোল্ট, অ্যারন টেইলর-জনসন, সিয়ারান হিন্ডস, জর্জ ম্যাকে, মার্ক স্ট্রং, কলিন ফার্থ, পল বেটানি, হান্টার শ্যাফার ও থান্ডিউ নিউটনসহ আরও অনেকে। চরিত্রকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে একজন ভেনিসীয় সম্ভ্রান্ত ব্যক্তি এবং অন্যজন নপুংসক অপেরা গায়ক, যাদের জীবন অপ্রত্যাশিতভাবে একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়ে। ছবিটির রচনা, পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে আছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও নির্মাতা টম ফোর্ড। তিনি ‘আ সিঙ্গেল ম্যান’ (২০০৯) এবং ‘নকটার্নাল অ্যানিমেলস’ (২০১৬)-এর মতো ছবি নির্মাণের জন্য বিশেষভাবে পরিচিত।
ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি বর্তমানে লন্ডন ও রোমে প্রাক প্রোডাকশন পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে এর শুটিং শুরু হবে। জানা গেছে, টম ফোর্ড নিজেই ছবিটি প্রযোজনাও করছেন এবং শুটিং শেষ হলে তিনি বিতরণের সঙ্গেও যুক্ত থাকবেন। এটি আগামী বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে। গত বছরের জুলাইয়ে এ গায়িকা ঘোষণা দিয়েছিলেন, ‘নতুন সংগীতের কোনো পরিকল্পনা নেই। এরপর আমি একটা বড় বিরতি চাই এবং কিছুদিন অন্য সৃজনশীল কাজ করতে চাই।’
এ কারণে অ্যাডেলের বড় পর্দায় অভিষেক করতে যাওয়া এখন সেই নতুন অধ্যায়েরই সূচনা হিসেবে দেখা হচ্ছে। তবে গ্ল্যামার জগতে আসার আগে মোটেও সুখকর ছিল না অ্যাডেলের জীবন। বিশেষ করে ছোটবেলা থেকেই ক্ষয়ে ক্ষয়ে জীবন কাটে তার। মাত্র দু’বছর বয়সে তার বাবা ছেড়ে চলে যাওয়ায় একা মায়ের কাছেই বড় হন এই তারকা। চার বছর বয়সেই গানের চর্চা শুরু করেন তিনি।
কিশোরী অ্যাডেলে বন্ধুদের গান শোনাতেন গিটার বাজিয়ে। ২০০৬ সালে এসে গানের ভুবনে আত্মপ্রকাশ করেন তিনি। একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ হয় তার দুটি গান। এ ছাড়া ক্লাসের অ্যাসাইনমেন্টের জন্য অ্যাডেলে তিনটি গান জমা দেন। সেই গানগুলো তার এক বন্ধু মাইস্পেসে আপলোড করে দেন। সেখানে গানগুলো দারুণ সাফল্য পায়। এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্যের চাকা।