৭ উইকেট শিকার করে হ্যাটট্রিকের দূয়ারে মিচেল স্টার্ক

অ্যাশেজের প্রথম দিনেই গতির ঝড় তুললেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসারের তোপের মুখে মাত্র ১৭২ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড। এদিন ইংলিশরা ব্যাট করেছে মাত্র ৩২.৫ ওভার। ইনিংসের শেষ দুই উইকেট পরপর দুই বলে তুলে নিয়েছেন মিচেল স্টার্ক। ইংল্যান্ডের পরের ইনিংসে নিজের প্রথম বলে উইকেট নিতে পারলেই তিনি হ্যাটট্রিক করতে পারবেন। আপাতত প্রথম ইনিংসে তার শিকার ৭ উইকেট!

পার্থে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম ওভারের শেষ বলে জ্যাক ক্রলিকে (০) তুলে নেন মিচেল স্টার্ক। এরপর একে একে তার শিকারে পরিণত হন বেন ডাকেট (২১), জো রুট (০), অধিনায়ক বেন স্টোকস (৬) এবং গাস অ্যাটকিনসন। এরপর জেমি স্মিথ (৩৩) এবং মার্ক উডকে পরপর দুই বলে আউট করে তিনি ইংল্যান্ডের ইনিংসে ইতি টেনে দেন।

ইংল্যন্ডের ইনিংসে একমাত্র ফিফটি এসেছে হ্যারি ব্রুকের ব্যাট থেকে। ৬১ বলে তিনি করেছেন ৫২ রান। এছাড়া ওলি পোপ ৪৬ রান করেছেন। মাত্র ১২ রানের মধ্যে ইংলিশদের শেষ ৫ উইকেটের পতন ঘটে। স্টার্কের ১০১ টেস্টের ক্যারিয়ারে এটি ১৭তম পাঁচ বা ততোধিক উইকেট শিকারের ঘটনা। ইনিংস শেষে তার বোলিং ফিগার দাঁড়িয়েছে ১২.৫ ওভারে ৪ মেডেন এবং মাত্র ৫৮ রান খরচ করে ৭ উইকেট।