ভূমিকম্পে খেলা বন্ধ, ড্রেসিং রুমে ছিল আতঙ্ক

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঘটে যাওয়া ৫.৫ মাত্রার ভূমিকম্প কিছুক্ষণের জন্য থামিয়ে রাখে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছিল সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। ভূমিকম্পের কারণে মিনিট চারেক খেলা বন্ধ থাকে। খেলোয়াড়রা একত্র হয়ে উইকেটের পাশে দাঁড়িয়ে ছিলেন। তবে ড্রেসিংরুমে থাকা ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলাম জানিয়েছেন ভূমিকম্পের সময়ে বাংলাদেশ ড্রেসিং রুমের অভিজ্ঞতার কথা, 'হ্যাঁ আসলে প্রথমে বুঝি নাই তবে একটা সময় খুব সম্ভবত মিডিয়া বক্স এবং যে জায়গাগুলোতে কাঁচ ছিল, ওই মানে একটা শব্দ আসছে। তারপরে একটা মানে শারীরিকভাবেও একটা অনুভূতি বোঝা গেছে। তো ওই সময়টা একটু আতঙ্ক কাজ করছে ।'

আয়ারল্যান্ডের কোচ হেইনরিখ মালান কাজের সুবাদে লম্বা সময় কাটিয়েছিলেন নিউজিল্যান্ডে। তাই ভূমিকম্পে খুব একটা বিচলিত হননি, 'সৌভাগ্যক্রমে আমি ক্রাইস্টচার্চে অনেকটা সময় কাটিয়েছি। তাই ভূমিকম্পের অনেক অভিজ্ঞতা আছে, চট করে ভয় পেয়ে যাই না। যখন ঝাঁকুনিটা এসেছে, তখন শক্ত কিছু ধরে দাঁড়িয়েছি। আশেপাশে দেখছিলাম কি হয়, একটা আতঙ্ক তো অবশ্যই কাজ করেছে তবে ভাগ্য ভাল যে কিছু হয়নি।'