ববিতে প্রথম সমাবর্তন আয়োজনে কেন্দ্রীয় কমিটি গঠন

দীর্ঘ প্রতীক্ষার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন আয়োজন ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ১৬ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনকে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের ডিন, চারটি আবাসিক হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক এবং অর্থ ও হিসাব দপ্তরের প্রধান কর্মকর্তা। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

প্রসঙ্গত, একই কমিটি ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানও আয়োজন করবে।