পাবনার ফরিদপুরে উপজেলা বিএনপির অফিসে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার গভীর রাতে পৌর সদরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদপুর থানার ওসি সাকিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌর সদরের থানা পাড়া এলাকায় উপজেলা বিএনপির অফিসে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকুল বলেন, রাতের আঁধারে আমাদের দলীয় অফিসে হামলা চালিয়ে অফিসের চেয়ার-টেবিল, দরজা ও টেলিভিশন ভাঙচুর করা হয়েছে। এ সময় অফিসের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণসহ গুলিবর্ষণ করা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ফরিদপুর থানার ওসি সাকিউল আজম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত। তবে গুলির বিষয়টি এখনো যাচাই করা হয়নি। সিসিটিভি ফুটেজে দেখা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। তদন্তের পরই বলা যাবে এটা অভ্যন্তরীণ না বহিরাগতদের কাজ।