মুরাদনগরে ট্রাক্টর মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইটবাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেলের অন্য আরোহী মারুফ (২১) গুরুতর অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গাজিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি বাঙ্গরা বাজার থানার গাজীপুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, মোটরসাইকেলের সঙ্গে একটি ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।