মালয়েশিয়ার পর্যটন এলাকা পাহাং রাজ্যের ক্যামেরন হাইল্যান্ডে বেশ কিছু অভিযান চালিয়ে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ক্যামেরন হাইল্যান্ডের চারটি এলাকায় বাণিজ্যিক অঞ্চল, ভবন নির্মাণ কেন্দ্র ও শাক-সবজির খামারে অভিযান চালানো হয়। এতে অংশ নেন অভিবাসন বিভাগের ৫৪৭ সদস্য ও কর্মকর্তা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বারনামা এক প্রতিবেদনে জানায়, অভিযানের সময় বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাননি, ফলে পালাতেও পারেননি। মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একমাস আগে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। পরে গোয়েন্দা তথ্যে জানতে পারি এই জেলাসহ আশপাশের এলাকা অভিবাসনপ্রত্যাশীদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের আগমন স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জন অভিবাসনপ্রত্যাশীর কাগজপত্র যাচাই করে ৪৬৮ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য আটক করা হয়েছে। যার মধ্যে অনেকের মেয়াদোত্তীর্ণ পাস এবং ভ্রমণ নথিপত্র নেই। এমনকি কেউ কেউ অস্থায়ী ওয়ার্ক পারমিট দেখিয়েছেন, যা ভুয়া বলেই মনে হয়েছে।
আটক অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৭৫ জন মিয়ানমারের নাগরিক, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন এবং কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন মহিলা এবং চারজন শিশু রয়েছে। আটক সবার বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। তাদের কেলানটান, পেরাক এবং সেলাঙ্গরের আটককেন্দ্রে পাঠানো হবে। জাকারিয়া শাবান আরও বলেন, পাহাড়ি এলাকা এবং শহর থেকে দূরত্বের কারণে বিদেশিরা এই পর্যটন এলাকায় কাজ করতে আগ্রহী হন। স্থানীয় ব্যবসায়ীরাও প্রায়ই তাদের নিয়োগ দিতে পছন্দ করেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত, মোট ৮৩ হাজার ৯৯৪ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।