নরসিংদীতে ভূমিকম্পে বাসার পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ১২ বছরের ছেলে ওমর ফারুকের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া গ্রামের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, চাকরিজনিত কারণে দেলোয়ার নরসিংদী শহরের গাবতলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভয়াবহ ভূমিকম্পের সময় পাশের বাসার একটি দেওয়াল ধসে তাদের ওপর পড়ে যায়। স্থানীয় লোকজন তখন গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক ছেলে ওমরকে মৃত ঘোষণা করা হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার মারা যান। নিহত উজ্জ্বল বাংলাদেশ জুট মিলস করপোরেশনে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। ছেলে ওমর নরসিংদীর একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন। নিহত দেলোয়ারের দুই মেয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।