মোস্তাফিজকে আবার দলে নিলো দুবাই ক্যাপিটালস

আইএলটি–টোয়েন্টির নিলামের আগেই লুক উডের বদলি হিসেবে মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগে হঠাৎই তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পরে ধারণা তৈরি হয়, বিপিএল চলাকালীন সময় হওয়ায় হয়তো এনওসি জটিলতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা। মধ্যবর্তী সময়ে মোস্তাফিজের জায়গায় হায়দার আলীকে দলে নেয় দুবাই।

শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে আবারও বাংলাদেশি বাঁহাতি পেসারকে দলে টেনে নিয়েছে দুবাই ক্যাপিটালস। জিএম রিতেশের বদলি হিসেবে এবারও তাকে স্কোয়াডে রাখা হয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেললেও আইএলটি–২০তে এই প্রথম একই মূল মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামতে যাচ্ছেন মোস্তাফিজুর।

এই টুর্নামেন্টে আরও দুই বাংলাদেশিকে দেখা যাবে। নিলামের দ্বিতীয় ডাকে ৪০ হাজার ডলারে এমআই এমিরেটস দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে। আর তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলারে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

আগামী ২ ডিসেম্বর শুরু হবে আইএলটি–টোয়েন্টির নতুন মৌসুম, ফাইনাল ৪ জানুয়ারি। তিন ভেন্যু—আবুধাবি, দুবাই ও শারজাহতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। শিরোপাধারী দুবাই ক্যাপিটালসই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডেজার্ট ভাইপারসের।